গাজীপুর চৌরাস্তা এলাকায় ভয়াবহ ও হৃদয়বিদারক এক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাংবাদিক তুহিন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চাঁদাবাজির ভিডিও ধারণা করার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করে। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নির্বিচারে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের সাংবাদিক সমাজ। পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিকের প্রতি এমন বর্বর আচরণ স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত বলেই মনে করছেন পেশাজীবীরা।
সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “সাংবাদিক তুহিনের খুনিরা যদি দ্রুত আইনের আওতায় না আসে, তাহলে সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। আমরা আর মুখ বুজে সহ্য করবো না।”
স্বপ্ন বাংলা নিউজ টিভির পক্ষ থেকেও এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় তুহিনের সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অচিরেই জড়িতদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে।
স্বপ্ন বাংলা নিউজ টিভি
সত্যের সন্ধানে আমরা আপনাদের পাশে











