বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার সূর্যাস্তের আগে বিএনপি নেতারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আ’ত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আ’ত্মত্যা’গ জাতির জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ভবিষ্যতেও এই চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে বলে তারা জানান।











