ঝালকাঠি শহরের তরকারীপট্টি সড়কে ড্রেনের ময়লা রাস্তায় ফেলে রাখাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, এ নিয়ে প্রতিবাদ করায় পৌরসভার কর্মচারীদের হাতে হামলার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মিজান ফরাজী।
জানা যায়, টানা দুই দিন ধরে ড্রেন পরিষ্কারের পর সেই ময়লা রাস্তায় ফেলে রাখে পৌরসভার সাফাই কর্মীরা। এতে দুর্গন্ধ ও জনদুর্ভোগ চরমে পৌঁছায়। পরিস্থিতি সম্পর্কে জানতে গিয়ে ঝালকাঠি পৌরসভার এক সড়ক পরিদর্শকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান মিজান ফরাজী।
এ ঘটনার জের ধরে, অভিযোগ রয়েছে, পৌরসভার কয়েকজন কর্মচারী দলবদ্ধভাবে মিজান ফরাজীর ওপর শারীরিকভাবে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত মিজান ফরাজী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঝালকাঠি জেলা শাখার একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে। এই হামলার প্রতিবাদে যুবদল ও স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় ঝালকাঠি শহরে যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে। বিস্তারিত তথ্য আসছে…
ঝালকাঠি প্রতিনিধি:
মো. ফাইমুল ইসলাম শাকি
(স্বপ্ন বাংলা নিউজ টিভি)
ঝালকাঠিতে ড্রেনের ময়লা সরাতে বলায় যুবদল নেতার ওপর পৌর কর্মচারীদের হামলা — সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের ডাক ঝালকাঠি প্রতিনিধি: মো. ফাইমুল ইসলাম শাকি 











