ঈদুল ফিতরের আগেই দেশের নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দেশের আটটি বিভাগের আটটি উপজেলার একটি করে এলাকায় এ কার্যক্রম শুরু হবে।
সরকারি সূত্র জানায়, সুবিধাভোগী নির্ধারণ ও কর্মসূচির নীতিমালা প্রণয়নের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অর্থমন্ত্রীকে সভাপতি করা হয়েছে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের একাধিক সচিব এতে সদস্য হিসেবে রয়েছেন। মোট ১৫ সদস্যের এই কমিটি প্রকল্পের সার্বিক কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করবে।
জানা গেছে, প্রকৃত সুবিধাভোগী নির্বাচন নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র এবং হাউজহোল্ড ডাটাবেজ ব্যবহার করে একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে স্বচ্ছতা ও জবা’বদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকারের লক্ষ্য, ঈদের আগেই নির্বাচিত এলাকাগুলোতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা। সফলতা পাওয়া গেলে পর্যায়ক্রমে সারা দেশে কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
















