দেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ব্যাপক রদবদল ও পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে
শীর্ষ পদে কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে।
সেনাবাহিনী সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। অপরদিকে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।
বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান দায়িত্ব ছাড়ছেন বলে জানা গেছে। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন এবং ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করার লক্ষ্যে এ রদবদল আনা হয়েছে। সেনাবাহিনীর কার্যক্রমে পেশাদারিত্ব ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
















