আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন
দলের অন্যতম নেতা সারজিস আলম।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়। কমিটির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন সাদিয়া ফারজানা দিনা।
নতুন দায়িত্ব পাওয়ার পর সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দল স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে মাঠে নামবে। সম্ভাব্য প্রার্থীদের খুঁজে বের করা, তাদের প্রস্তুত করা এবং ইউনিয়ন, পৌরসভা থেকে ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তার ভাষায়, “আমরা আসছি আপনার খোঁজে।”
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরাও নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা করবেন বলে জানা গেছে।
দলীয় নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে সাংগঠনিক শক্তি যাচাই এবং তৃণমূলভিত্তিক নেতৃত্ব তৈরি করাই এই কমিটি গঠনের প্রধান লক্ষ্য।












