পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের নামে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন উপজেলায় প্রায় দুই শতাধিক সেতু কাগজে-কলমে নির্মাণ দেখালেও বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্ব নেই বলে অভিযোগ পাওয়া গেছে। এসব তথাকথিত ‘গায়েবি সেতু’র নামে ভূতুড়ে বিল তুলে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, এই দুর্নীতির সঙ্গে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান জড়িত। এর মধ্যে ইফতি এন্টারপ্রাইজ ও ঈশান এন্টারপ্রাইজ উল্লেখযোগ্য। সংশ্লিষ্টদের দাবি, এসব প্রতিষ্ঠান পরস্পর যোগসাজশে বছরের পর বছর ধরে এলজিইডি ও অন্যান্য দপ্তরের প্রকল্পে বিল উত্তোলন করে আসছে।
এ ঘটনায় পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ এবং তার চার ভাইয়ের সংশ্লিষ্টতার অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের ভাষ্য, প্রভাবশালী রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এসব অনিয়ম দীর্ঘদিন ধরে আড়ালে থেকে গেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, বহু গ্রামীণ এলাকায় সেতু নির্মাণের কথা থাকলেও মানুষ আজও বাঁশের সাঁকো কিংবা নৌকার ওপর নির্ভর করে চলাচল করছে। অথচ সরকারি নথিতে দেখানো হচ্ছে শত শত সেতু নির্মাণ সম্পন্ন।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কেউ কেউ অনিয়মের কথা অস্বীকার করলেও, তদন্ত হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে মত দিয়েছেন দুর্নীতি বিরোধী কর্মীরা। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পিরোজপুরে প্রায় দুইশ গায়েবি সেতু, ভূতুড়ে বিলে সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ১১:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- ১১৪ বার পড়া হয়েছে











