পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জু-কে ঘিরে ঈদুল আযহা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচারণা নিয়ে সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঈদকে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, আওয়ামী লীগের প্রথম সারির চিহ্নিত কিছু ব্যক্তি প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে ঈদের শুভেচ্ছা, ফেস্টুন ও নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও প্রতিমন্ত্রীর ফেসবুক আইডিতে বিভিন্ন সুযোগসন্ধানী ব্যক্তি অতিরঞ্জিত প্রশংসা ও মন্তব্য করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সাধারণ জনগণ চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে আলোচনা করে বলেন, যারা অতীতে বিএনপির বিরোধিতা করতেন, তারাই এখন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য মূলত ব্যক্তিগত সুযোগ-সুবিধা আদায় করা। জনগণের ভাষ্য অনুযায়ী, এ ধরনের লোকজন সব সময় ক্ষমতাসীনদের আশেপাশে থেকে নিজেদের স্বার্থ উদ্ধার করতে তৎপর থাকে।
সচেতন মহল মনে করেন, প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জু-কে এ বিষয়ে আরও সতর্ক ও কঠোর অবস্থান নিতে হবে। তার অনুমতি ছাড়া যেন কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যানার, ফেস্টুন বা ঈদ শুভেচ্ছা প্রচারণায় তার ছবি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সুযোগসন্ধানীদের প্রশ্রয় দিলে মাঠপর্যায়ে নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি হতে পারে। তাই প্রকৃত রাজনৈতিক কর্মীদের মূল্যায়নের পাশাপাশি অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
(স্বপ্ন বাংলা নিউজ টিভি)











